
মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করায় কুমিল্লার চৌদ্দগ্রামে এক পরিবার ও স্থানীয় কয়েকজনের ওপর হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। সংঘবদ্ধ হামলায় নারী-পুরুষসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আতঙ্কে রয়েছে পুরো এলাকা।
ঘটনাটি ঘটেছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের বান্দরজলা গ্রামে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছিল। সম্প্রতি এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষ হামলা চালায়।
অভিযোগ রয়েছে, সফিউল্লাহ শফি ও শিপনের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে আব্দুর রহিম ও কাজী আলাউদ্দিন আবিরের বাড়িতে হামলা চালায়। এসময় ঘরবাড়ি ভাঙচুরের পাশাপাশি নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করা হয়।
হামলাকারীরা হলো- শিপন — পিতা: ইসমাইল, রমজান আলী — পিতা: ইমন আলী, আসগর হোসেন — পিতা: ইবাদুল হক, সাখাওয়াত — পিতা: বাদশা, ইমন — পিতা: আমীন, মোহাম্মদ শফি — পিতা: মোহাম্মদ শাহ আলম।
হামলায় আবিরের মা-বাবাসহ পরিবারের একাধিক সদস্য আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
“আমরা মাদকের বিরুদ্ধে কথা বলেছি। এজন্য পরিকল্পিতভাবে আমাদের বাড়িতে হামলা চালানো হয়েছে।”
অপরদিকে স্থানীয়রা জানান, আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ। পরে বড় সংঘর্ষে রূপ নেয়। তবে এর পেছনে দীর্ঘদিনের আধিপত্য বিস্তারের দ্বন্দ্বও রয়েছে বলে দাবি এলাকাবাসীর।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
“মাদক ব্যবসার প্রতিবাদকে কেন্দ্র করে চৌদ্দগ্রামের এই সহিংস ঘটনায় উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মাঝে। দ্রুত বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।”