
ক্যাশলেস পরশুরাম গড়তে তিনদিন ব্যাপী ক্যাম্পেইন শুরু করেছে পূবালী ব্যাংক পিএলসি।
মঙ্গলবার(১২ মে) সকালে পরশুরাম সরকারি পাইলট হাই স্কুলের সামনে 'লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ' এই প্রতিপাদ্যে পুবালী ব্যাংক পরশুরাম শাখার উদ্যোগে তিনদিনব্যাপী ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন শুরু হয়েছে।সেখানে একটি অস্থায়ী বুথ স্থাপনের মাধ্যমে গ্রাহক সেবা কার্যক্রম শুরু হয়েছে।
এ উপলক্ষ্যে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরশুরাম শাখা প্রধান এনায়েত হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলের পুবালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক ও নোয়াখালী অঞ্চল প্রধান মোহাম্মদ সাইফুল ইসলাম। ব্যাংক কর্মকর্তা জাহিদ হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ফুলগাজী শাখার ব্যবস্থাপক মওদুদ আহমেদ। অনুষ্ঠানে বাজারের ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও গ্রাহকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,উন্নত দেশগুলোতে অনেক আগে থেকে ক্যাশলেস পদ্ধতি চালু রয়েছে। নতুন টাকা ছাপাতে সরকারের প্রতিবছর প্রায় ২০ হাজার কোটি টাকা ব্যয় হয়। ক্যাশলেস পদ্ধতি চালু হলে নগদ টাকা ছাড়া অ্যাপস বা কিউআর কোডের মাধ্যমে ঝামেলা ছাড়া লেনদেন করতে পারবে।
তিনি বলেন, তিনদিন ব্যাপী ক্যাম্পেইনে বিনামূল্যে ব্যাংক হিসাব খোলা, তাৎক্ষণিক ডেবিট কার্ড প্রদানসহ বিভিন্ন সেবা প্রদান করা হবে।
আলোচনা শেষে বাজারের ব্যবসায়ী ও গ্রাহকদের ডিজিটাল ক্যাশলেস ব্যাংকিংয়ে উদ্বুদ্ধ করতে একটি বর্ণাঢ্য র্যালি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।