
ফেনীর পরশুরামে মুহুরী নদীর বেড়িবাঁধের খাদের পানিতে ডুবে বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি আমিনুল ইসলাম আমিনের বড় ছেলে সাঈদ বিন আমীনের (১০) মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার স্বপ্ন ছিল কোরআনের হাফেজ হবে। কোরআন শরীফের ১৩ পারা হেফজ সম্পন্ন করেছিল সাঈদ। কিন্তু হাফেজ হওয়ার আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে সাঈদ।
সোমবার (১ জুন) দুপুর ১ টার দিকে উপজেলার চিথলিয়া ইউনিয়নের পশ্চিম অলকা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাঈদ ওই গ্রামের মুফতি আমিনুল ইসলাম আমীনের বড় ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদুল আযহার পরদিন গাজীপুর থেকে স্ত্রী ও সন্তানদের নিয়ে পশ্চিম অলকায় গ্রামের বাড়িতে এসে পরিবারের সাথে কোরবানি দেন মুফতি আমীন। সোমবার দুপুরে বাড়ির পাশে মূহুরী নদীর বেড়িবাঁধের পাশে মাছ ধরতে যায় সাঈদ। একপর্যায়ে বাঁধের পাশে বন্যায় সৃষ্ট খাদের পানিতে ডুবে যান সাঈদ।
সাঈদের বাবা আমিনুল ইসলাম জানান,দীর্ঘ সময় ছেলেকে খোঁজাখুঁজি করে না পেয়ে বেড়িবাঁধের পাশে যাই। সেখানে খাদ থেকে সাঈদকে তুলে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কান্না জড়িত কন্ঠে সাঈদের বাবা বলেন, ঢাকার গাজীপুরের একটি মাদ্রাসা থেকে ১৩ পারা হেফজ শেষ করেছে সাঈদ।তার ও আমাদের ইচ্ছে ছিল সে কোরআনের হাফেজ হবে। কিন্তু আল্লাহ তাকে নিয়ে গেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: ইফতেখার হাসান ভূঁইয়া জানান, হাসপাতালে নিয়ে আসার আগে ওই শিশুর মৃত্যু ঘটেছে।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশ্রাফুল ইসলাম পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।