
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হােসেন এমপি বলেছেন মুক্তিযোদ্ধাদের অপমান, অপদস্থ সরকার মেনে নিবে না। নোয়াখালী জেলার চাটখিল উপজেলা প্রশাসন আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এছাড়া তিনি আরো বলেন মুক্তিযোদ্ধাদের সকল সমস্যার সমাধানের জন্য সরকার কাজ করে যাবে। অসহায় মুক্তি যোদ্ধাদের বাসস্থান বীর নিবাস কর্মসূচি অব্যাহত থাকবে। আজ বুধবার বিকেলে চাটখিল উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন চাটখিল - সোনামুড়ী আংশিক আসনের সাংসদ এবং সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এমপি।
সভায় বক্তব্য রাখেন শিক্ষানুরাগী সমাজসেবক বিএনপি নেতা পরান চৌধুরী , উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আবু হানিফ , পৌর বিএনপির আহবায়ক সাবেক মেয়র মোস্তফা কামাল, পৌর সদস্য সচিব আহসানুল হক মাসুদ ও মুক্তিযোদ্ধার কমান্ডার মহিউদ্দিন প্রমূখ।
অনুষ্ঠান পরিচালনা করেন সমাজসেবা অফিসার আলী হোসাইন।
এদিকে সকালে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপি সোনাইমুড়ী উপজেলার নান্দিয়াপাড়া বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতি জাদুঘরে পরিদর্শন শেষে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেন । মত বিনিময়কালে স্থানীয় এমপি ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন এর সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার এটি এম মোশারফ হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর বুধবার সন্ধ্যায় প্রতিমন্ত্রী ইশরাক হােসেন এমপি উপজেলার সিংহবাহুড়া গ্রামে শহীদ জিএম রুহুল আমিন পাঠাগার পরিদর্শন শেষে তার কবর যিয়ারত করেন।