ফেনী জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘিরে জোর আলোচনা
সিরাজুল হক টিপু (বিশেষ প্রতিনিধি)-
দীর্ঘ সাত বছর পর ফেনী জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন নিয়ে আবারও জোর আলোচনা শুরু হয়েছে। সর্বশেষ ২০১৮ সালের ২২ অক্টোবর ৩৯৫ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে সালা উদ্দিন মামুনকে সভাপতি এবং মোরশেদ আলম মিলনকে সাধারণ সম্পাদক করা হয়েছিল।
এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও আর কোনো নতুন কমিটি গঠন করা হয়নি। দলীয় সূত্রে জানা যায়, ২০২৫ সালে নতুন কমিটি দেওয়ার পরিকল্পনা থাকলেও বিভিন্ন কারণে তা বাস্তবায়ন হয়নি। তবে সাম্প্রতিক সময়ে সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে নতুন কমিটি গঠনের বিষয়টি আবারও আলোচনায় এসেছে।
ইতোমধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক নেতার নাম আলোচনায় উঠে এসেছে। সম্ভাব্য প্রার্থীদের ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মধ্যেও আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে।
সভাপতি পদে আলোচনায় রয়েছেন—
কাজী নজরুল ইসলাম দুলাল (সিনিয়র যুগ্ম সম্পাদক), জাকের হোসেন রিয়াদ (সাংগঠনিক সম্পাদক) এবং জুয়েল পাটোয়ারী (যুগ্ম সাধারণ সম্পাদক)।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে আলোচনায় আছেন—
রশিদ আহমদ মজুমদার (যুগ্ম সাধারণ সম্পাদক), মোঃ মেজবাহ উদ্দিন মিয়াজী (সদস্য), মোঃ সাইফুল ইসলাম জিকু (যুগ্ম সম্পাদক), আরিফুল ইসলাম সুমন (দপ্তর সম্পাদক) এবং দেলোয়ার হোসেন (আহ্বায়ক, সাবেক ফেনী সদর উপজেলা ছাত্রদল)।
দীর্ঘদিন পর নতুন কমিটি গঠনের সম্ভাবনায় সংগঠনের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। এখন কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে ফেনী জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।