
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় খুনসহ ডাকাতি, অস্ত্র, ধর্ষণ ও চাঁদাবাজিসহ মোট ১৯টি মামলার আসামি রফিকুল ইসলাম ওরফে মাসুদ ওরফে মাইস্যা (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ১০ এপ্রিল রাতে কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। অভিযানে এসআই (নিরস্ত্র) মঈনুল হোসেনসহ সঙ্গীয় ফোর্স অংশ নেয়।
গ্রেফতারকৃত রফিকুল ইসলাম উপজেলার মুছাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বিরুদ্ধে খুনসহ ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, অস্ত্র, ধর্ষণ ও চাঁদাবাজির অভিযোগে ১৯টি মামলা ও একাধিক গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
পুলিশ আরও জানায়, কোম্পানীগঞ্জ থানার মামলা নং-১২(২)২৫ (ধারা-৩৯৫/৩৯৭ দণ্ডবিধি) এর ঘটনার সাথে রফিকুলের সরাসরি সম্পৃক্ততার বিষয়ে অপর আসামি আইয়ুব আলী স্বপন বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছেন। এছাড়া চলতি বছরের মার্চ মাসে সংঘটিত আরও দুটি বড় ডাকাতি মামলার (মামলা নং-০৪(৩)২৬ ও ১৩(৩)২৬) সাথেও তার জড়িত থাকার বিষয়ে তদন্তে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে।
এ বিষয়ে পুলিশ কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার বলেন, রফিকুল ইসলাম ওরফে মাইস্যা অত্র অঞ্চলের একজন চিহ্নিত ও দুর্ধর্ষ অপরাধী। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর তদন্ত অব্যাহত রয়েছে। তাকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।