
ফেনীর পরশুরামে ৫১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগ প্রদান পরবর্তী গ্রাহক পর্যায়ে প্রশিক্ষণ ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ হলরুম মিলনায়তনে ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্পের আওতায় উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রায় দুই বছর পরীক্ষামূলকভাবে ইন্টারনেট পরিচালনার পর আনুষ্ঠানিকভাবে ইন্টারনেট সংযোগ ও সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে চুক্তি করে তথ্য ও প্রযুক্তি অধিদপ্তর।
উপজেলা আইসিটি কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সাইফুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন- ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্পের পরিচালক তানজিনা ইসলাম ও জেলা আইসিটি কর্মকর্তা সাঈফ মোঃ জুলকার নাঈন চৌধুরী। অনুষ্ঠানে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবদুল মোতালেব, কে এস নেটওয়ার্কের বাণিজ্যিক কর্মকর্তা ফিরোজ ইফতেখারসহ ৫১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।