
“স্বপ্ন দেখলে আকাশও ধরা দেয়”— সেই কথারই যেন বাস্তব প্রমাণ দিল ফেনীর ছাগলনাইয়ার কৃতি শিক্ষার্থী জাবের হোসেন জাহি। জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৬-এর আঞ্চলিক পর্বে সাইবার সিকিউরিটি কুইজ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে আলোচনায় এসেছে এই মেধাবী শিক্ষার্থী।
সম্প্রতি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীরা অংশ নেয়। কঠিন ও প্রতিযোগিতাপূর্ণ এ আয়োজনে অসাধারণ দক্ষতা ও প্রযুক্তিগত জ্ঞানের পরিচয় দিয়ে সাফল্যের মুকুট ছিনিয়ে নেয় জমিলা খাতুন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র জাবের হোসেন জাহি।
জানা যায়, জাবের হোসেন জাহি ছাগলনাইয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জাপর মজুমদারের একমাত্র পুত্র সন্তান। ছোটবেলা থেকেই প্রযুক্তি ও কম্পিউটার বিষয়ে তার গভীর আগ্রহ ছিল। পরিবারের অনুপ্রেরণা আর নিজের একাগ্র প্রচেষ্টায় আজ সে আঞ্চলিক পর্যায়ে সাফল্যের স্বাক্ষর রাখল।
জাবেরের এই অর্জনে বিদ্যালয়জুড়ে বইছে আনন্দের বন্যা। শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসী তাকে অভিনন্দনে ভাসাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ইতোমধ্যে তার সাফল্যের খবর ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে।
বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, “জাবের অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী। প্রযুক্তি বিষয়ে তার আগ্রহ অন্যদের থেকেও আলাদা। আমরা বিশ্বাস করি, ভবিষ্যতে সে আরও বড় অর্জন এনে দেবে।”
এদিকে ছেলের সাফল্যে আবেগাপ্লুত বাবা জাপর মজুমদার বলেন, “ছোট থেকেই ওর স্বপ্ন ছিল প্রযুক্তি নিয়ে কাজ করার। আজকের এই অর্জন আমাদের জন্য গর্বের। আমি সবার কাছে দোয়া চাই, যেন সে দেশ ও জাতির জন্য আরও বড় কিছু করতে পারে।”
ছাগলনাইয়ার গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে মেধার স্বাক্ষর রাখা জাবের হোসেন জাহি এখন স্থানীয় তরুণদের জন্য অনুপ্রেরণার নাম। প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্নে এমন তরুণ মেধাবীরাই হতে পারে আগামীর নেতৃত্ব।