
ফেনী ইউনিভার্সিটি ইনোভেশন হাব (FU-iHub) এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC), ফেনী-এর যৌথ উদ্যোগে বুধবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের হল রুমে ‘মাদকবিরোধী সামাজিক সচেতনতা ও আমাদের সম্মিলিত দায়িত্ব’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার্থীদের মাঝে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং একটি নিরাপদ ও মাদকমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করার দৃঢ় অঙ্গীকার নিয়ে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন ফেনীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউটর নূর মোহাম্মদ। তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সেমিনারের মূল লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর মোহাম্মদ আবুল কাশেম। তিনি তাঁর ভাষণে মাদকের নেতিবাচক প্রভাব সম্পর্কে আলোকপাত করে বলেন, “মাদক শুধুমাত্র একটি জীবন নয়, বরং একটি সম্ভাবনাকে অঙ্কুরেই বিনষ্ট করে দেয়। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে একটি উন্নত সমাজ গঠনে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”
অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফেনী-এর সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ। তিনি মাদকের ভয়াবহতা, স্বাস্থ্যঝুঁকি এবং আইনি প্রতিকারসমূহ বিস্তারিতভাবে শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন এবং মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
সেমিনারে সভাপতিত্ব করেন ফেনী ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মুহাম্মদ আফসার উদ্দিন। তিনি মাদকের করাল গ্রাসে নিমজ্জিত ব্যক্তিদের সামাজিক বিচ্ছিন্নতার বিষয়টি আলোকপাত করেন। তিনি বলেন, “মাদকাসক্তি একজন ব্যক্তিকে তিলে তিলে ধ্বংসের পথে নিয়ে যায়। তারা পরিবার ও রাষ্ট্রের জন্য কোনো সম্পদে রূপান্তরিত হতে পারে না। তাই নিজের অস্তিত্ব ও মর্যাদা রক্ষায় তরুণ সমাজকে অবশ্যই মাদক পরিহার করতে হবে।”
এতে সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌহিদূর জামান সাইমন।
সেমিনারটিতে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং ৫ জন বিজয়ীকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। এছাড়া সকল অংশগ্রহণকারীকে শিক্ষা উপকরণ প্রদান করা হয়।