
সদ্য অনুষ্ঠিত ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ফেনী জেলার সন্তান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোঃ আদনান রহমান অভি। তিনি ফেনী জেলার শর্শদী ইউনিয়নের উত্তর শর্শদী বনানী পাড়া চৌধুরী বাড়ীর অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ আব্দুর রউফের কৃতি সন্তান।
জানা গেছে, এবারের নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বৈরী আবহাওয়ার মধ্যেও মোট ৬ হাজার ৯৩৭ জন বিজ্ঞ আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে মোঃ আদনান রহমান অভি ৪ হাজার ২৭৫ ভোট পেয়ে তৃতীয় সর্বোচ্চ ভোটে নির্বাচিত হন।
আরও জানা যায়, চলতি বছরে ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে তিনি ছিলেন ফেনী জেলার একমাত্র সন্তান।
পেশাগত জীবনে তিনি ২০১৮ সালে বাংলাদেশ বার কাউন্সিলের সনদ অর্জন করেন এবং ২০২৩ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন। এরপর থেকে তিনি নিয়মিত আইন পেশায় নিয়োজিত রয়েছেন।
আগামী এক বছরের জন্য দায়িত্বপ্রাপ্ত নবনির্বাচিত এই আইনজীবী সকলের কাছে দোয়া কামনা করেছেন।