
পরশুরাম শহরের প্রধান সড়ক ও ফুটপাতজুড়ে অবৈধ দোকানপাটের দখলে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। ফুটপাত সংকুচিত হয়ে পড়ায় সাধারণ মানুষ বাধ্য হয়ে মূল সড়কে চলাচল করছেন, এতে দুর্ঘটনার ঝুঁকি ও যানজট বেড়ে গেছে বলে অভিযোগ স্থানীয়দের।
সরেজমিনে দেখা যায়, শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর দুই পাশে ফলের দোকান, চায়ের টং, হকারদের চৌকি ও বিভিন্ন মালামালের স্তূপ বসিয়ে ফুটপাত কার্যত দখল করে নেওয়া হয়েছে। এতে পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।
এ অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন পশুরাম সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মিদুল। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে ফুটপাত দখলের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দখলমুক্ত করার দাবি জানান।
তিনি বলেন, “ফুটপাত জনগণের চলাচলের জন্য। লোকদেখানো উচ্ছেদ নয়, স্থায়ীভাবে দখলমুক্ত করে সাধারণ মানুষের চলাচলের অধিকার ফিরিয়ে দিতে হবে।” তার এই বক্তব্যকে ঘিরে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, টেকসই সমাধান না হলে ফুটপাত দখল পরিস্থিতি আবারও ফিরে আসবে।
স্থানীয় সচেতন মহল বলছে, নিয়মিত নজরদারি ও কঠোর ব্যবস্থা না থাকায় একদিকে উচ্ছেদ অভিযান হলেও অন্যদিকে আবারও দখলদাররা সক্রিয় হয়ে উঠছে। এতে শহরের যানজট ও জনদুর্ভোগ প্রতিদিনই বাড়ছে। তারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।