
পরশুরামের মির্জানগরে মুহরী নদীর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের বেশ কিছু স্থান নিজ উদ্যোগে স্থানীয় এলাকাবাসীর অংশগ্রহণে মেরামত করেছেন পরশুরাম উপজেলা বিএনপির সদস্য ও চট্টগ্রামস্থ পরশুরাম সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
সংশ্লিষ্ট সূত্র জানায়,২০২৪ সালের আগস্ট মাসের ভয়াবহ বন্যায় মির্জানগর ইউনিয়নের ফকিরের খিল কাশিনগর চম্পকনগর নিজ কালিকাপুর গ্রামের মুহরী নদীর বেড়িবাঁধের বেশ কিছু জায়গা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। এসব বাঁধ নির্মানে বরাদ্দের জন্য সরকারের দপ্তরে বারবার আবেদন করেও স্থানীয় এলাকাবাসী কোন সাড়া পাননি। ঝুঁকিপূর্ণ এসব বাঁধ নির্মাণে এগিয়ে আসেন আবুল কালাম আজাদ।
ফেনী ১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনুর নির্দেশনায় ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের ১২ টি পয়েন্টে মেরামতে অর্থ সহায়তা প্রদান করেন আবুল কালাম আজাদ।স্থানীয় গ্রামবাসীর সহায়তায় সেগুলো বাঁশ,বেড়া ও বালুর বস্তা ফেলে স্থানগুলো মেরামত করা হয়েছে। এদিকে জলাবদ্ধতা দূর ও পানি নিষ্কাশন সুবিধার জন্য মুসা চৌধুরীর মোটর সড়কে একটি কালভাটও নির্মাণ করে দেন তিনি।
সম্প্রতি কালবৈশাখীর ঝড়ে মুহরী নদীর পাশে ফকিরের খিল অসহায় মেহেরুন্নেছার ঘরটি তছনছ হয়ে যায়।মাথা গোঁজার ঠাঁই হারিয়ে মেহেরুন্নেসা দিশেহারা হয়ে পড়েন।তার থাকার জন্য একটি ঘর নির্মাণ করে দেন আবুল কালাম আজাদ।