ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের দক্ষিণ বল্লবপুর কাজী বাড়ির বাসিন্দা আনিসুর রহমানের স্ত্রী হাজেরা আক্তার পুতুল (৪০)-এর বিরুদ্ধে ২২ বছরের সংসার ছেড়ে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে চলে যাওয়ার অভিযোগ উঠেছে।
পরিবারের দাবি, গত ৭ জুলাই মঙ্গলবার সকাল ৯টার দিকে ছাগলনাইয়া কলেজ রোডের মোটরস গলির এস আলম টাওয়ারের ভাড়া বাসা থেকে বাজার করার কথা বলে বের হন তিনি। এরপর আর বাসায় ফিরে না আসায় স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
এ ঘটনায় তার মেয়ে সাফিয়া আক্তার ছাগলনাইয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, পরে তারা জানতে পারেন, হাজেরা আক্তার পুতুল তার স্বামীকে তালাক দিয়ে চাঁদপুরে অবস্থানরত সুজন (২৯) নামে এক ব্যক্তির কাছে চলে গেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি। তার ব্যবহৃত দুটি মোবাইল ফোনও বর্তমানে বন্ধ রয়েছে।
পরিবারের ভাষ্য অনুযায়ী, ২০০৪ সালের ৩০ এপ্রিল আনিসুর রহমান ও হাজেরা আক্তার পুতুলের বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।এ বিষয়ে ছাগলনাইয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের জানান, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।