ফেনীর ছাগলনাইয়ায় পেশাগত দায়িত্ব পালনকালে মোহনা টেলিভিশনের সাংবাদিক নিজাম উদ্দিন সজীবের ওপর হামলার প্রতিবাদে ফেনীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুলাই ২০২৬) সকাল ১১টায় ফেনী প্রেস ক্লাব প্রাঙ্গণে কর্মরত সকল সাংবাদিকের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের। সঞ্চালনা করেন সাপ্তাহিক স্বদেশ–এর সম্পাদক এন এন জীবন এবং দৈনিক ডিজিটাল সময়–এর সহযোগী সম্পাদক এবিএম নিজাম উদ্দিন।
সমাবেশে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা বক্তব্য রাখেন। বক্তারা সাংবাদিক নিজাম উদ্দিন সজীবের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতার ওপর গুরুতর আঘাত। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা এ ঘটনায় ইতোমধ্যে দুইজন আসামিকে গ্রেপ্তার করায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান। পাশাপাশি হামলার সঙ্গে জড়িত প্রকৃত আসামি ও নেপথ্যের নির্দেশদাতাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানান।
সমাবেশে আরও বলা হয়, অতীতেও সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা সফল হয়নি এবং ভবিষ্যতেও স্বাধীন সাংবাদিকতার পথ রুদ্ধ করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে।