
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা এবং নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে ফেনী সদর উপজেলা যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা কেন্দ্রীয় যুবদলের নবগঠিত কমিটির প্রতি সমর্থন জানিয়ে স্লোগান দেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মাষ্টার নিজামউদ্দিন পাটোয়ারী, সদস্য সচিব শাহাদাত হোসেন, যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, মনজুর হোসেন মনজু, নুর মোহাম্মদ ভূট্টো, শাহাদাত হোসেন লিটন, শেখ ফরিদ রিপনসহ সদর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ফেনী সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মাষ্টার নিজামউদ্দিন পাটোয়ারী বলেন, “নবঘোষিত কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে যুবদল আগামী দিনে আরও সুসংগঠিত ও শক্তিশালী ভূমিকা পালন করবে।”
সদস্য সচিব শাহাদাত হোসেন বলেন, “তারেক রহমানের নেতৃত্বে যুবদল গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখবে।”
যুগ্ম আহ্বায়ক মনজুর হোসেন মনজু বলেন, “কেন্দ্রীয় যুবদলের পূর্ণাঙ্গ কমিটি তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। এই নেতৃত্বের হাত ধরে যুবদল আরও গতিশীল ও জনমুখী সংগঠন হিসেবে এগিয়ে যাবে এবং দেশের মানুষের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
বক্তারা নবঘোষিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার আহ্বান জানান।