
সদ্য সমাপ্ত ফেনী শহর ব্যবসায়ী সমিতির ভোটে ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ তুলেছেন ‘মিলন-পিপুল প্যানেল’ এর সভাপতি প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিলন। এ ব্যাপারে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক স্ট্যাটাস দিয়ে ক্ষোভপ্রকাশ করেন।
মিলন ছাতা প্রতীকে প্রতিদ্বন্ধীতা করে বড় ভাই জিয়া উদ্দিন আহমেদ মিষ্টারের কাছে হেরে যান। মিলন ফেসবুকে লিখেছেন, ‘রাতে ইঞ্জিনিয়ারিং হইছে, প্রার্থী ভাগাভাগি হয়েছে, হারুন, ইকবালসহ আমাকে ইঞ্জিনিয়ারিং এর কারণে হারানো হয়েছে’। অপর স্ট্যাটাসে লিখেছেন, ‘রাতে ইঞ্জিনিয়ারিং এর ভোটে পরাজিত হলাম’। আরেকটিতে লিখেন, ‘আমি আমার প্রিয় ফেসবুক বন্ধুদেরকে আমি যাদের সাথে ভোট করেছি তারা আমার ফটো ব্যবহার করবেন না। কারণ আপনারা কেউ কেউ ইঞ্জিনিয়ারের সাথে জড়িত।
আমার কাছে তথ্য আসতেছে। আরো অপেক্ষা করুন। তিনি আরো বলেন আমার বোন ও ভাগিনা (দুজনে’ই আওয়ামী লীগ নেতা ও নেত্রী) ডাক্তার মুসা হাসনাত দুপুরে আমাকে ভোট দিতে এসে বলেছে আপনি হেরে যাবেন আপনার ভোট কম সেই ঢাকা থেকে এসে জানতে পারলে আমাদেরকে ঠকানোর প্রয়োজন ছিলোনা’।
এদিকে নাসির উদ্দিন মিলনের এমন স্ট্যাটাসে মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে সংশ্লিষ্ট মহলে।