যাত্রীদের নিরাপদে নামিয়ে চিরবিদায়: স্টার লাইন পরিবহনের চালক আবুল কালামের মানবিকতার শেষ দৃষ্টান্ত
নাজিম উদ্দিন চৌধুরী
-
প্রকাশের সময় :
বুধবার, ১৫ জুলাই, ২০২৬
-
৪৭
বার পড়া হয়েছে
স্টার লাইন পরিবহনের অভিজ্ঞ চালক আবুল কালাম (৫৭) চলন্ত বাসে হৃদ্রোগে আক্রান্ত হলেও শেষ মুহূর্ত পর্যন্ত দায়িত্ববোধের অনন্য নজির রেখে গেছেন। অসুস্থতা অনুভব করার পরও তিনি প্রথমে বাসের যাত্রীদের নিরাপদ স্থানে নামিয়ে দেন। এরপর হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আবুল কালাম দীর্ঘ ২৮ বছর ধরে স্টার লাইন পরিবহনে নিষ্ঠা, সততা ও সুনামের সঙ্গে চালকের দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের উত্তর যশপুর গ্রামের বাসিন্দা।
জানা গেছে, ঢাকা থেকে ফেনীর উদ্দেশ্যে বাস চালিয়ে আসার পথে হঠাৎ তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে স্টার লাইন পরিবহনের মূল কাউন্টারে বিষয়টি জানান। নিজের শারীরিক অবস্থার অবনতি সত্ত্বেও তিনি যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাসটি নিরাপদ স্থানে থামিয়ে সবাইকে নামিয়ে দেন। যাত্রীরা নিরাপদে নেমে যাওয়ার পরপরই তিনি গুরুতর হৃদ্রোগে আক্রান্ত হন এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে স্টার লাইন গ্রুপ।
স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন বলেন, “স্টার লাইন পরিবহনের শুরু থেকেই আবুল কালাম অত্যন্ত বিশ্বস্ততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন ভদ্র, নম্র ও দায়িত্বশীল একজন চালক। তার আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।”
গ্রুপের পরিচালক জামাল উদ্দিন বলেন, “আবুল কালাম কর্মজীবনের শেষ দিন পর্যন্তও দায়িত্ব পালনে অবিচল ছিলেন। যাত্রীসেবার প্রতি তার আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্ববোধ সবার জন্য অনুকরণীয় হয়ে থাকবে।”
দীর্ঘদিনের এই নিবেদিতপ্রাণ চালকের মৃত্যুতে স্টার লাইন পরিবারের সদস্য, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং যাত্রীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সংবাদ টি শেয়ার করুন
এ বিভাগের আরো সংবাদ