জুলাই স্মৃতি ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ফেনী সরকারি কলেজ প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত স্মরণসভাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৬ জুলাই) সৃষ্টি হয় বিতর্ক ও উত্তেজনা।
অনুষ্ঠানের ব্যানারে জুলাই অভ্যুত্থানের বিভিন্ন শহীদের ছবি থাকলেও চট্টগ্রামের প্রথম ও জুলাইয়ের দ্বিতীয় শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের ছবি না থাকায় তীব্র প্রতিবাদ জানায় ফেনী সরকারি কলেজ ছাত্রদল।
প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানে উপস্থিত হয়ে ছাত্রদলের নেতাকর্মীরা ব্যানারে ওয়াসিম আকরামের ছবি না দেখে আপত্তি তোলেন। কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে তারা বিষয়টির প্রতিবাদ জানিয়ে ব্যানার সংশোধনের দাবি জানান।
এ সময় কলেজ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ব্যাখ্যা দেওয়া হয়। কখনো বলা হয় ওয়াসিম আকরামের ছবি সংগ্রহ করা সম্ভব হয়নি, কখনো বিদ্যুৎ সমস্যার কথা বলা হয়, আবার কখনো সময় স্বল্পতার কারণ উল্লেখ করা হয়। তবে এসব ব্যাখ্যায় সন্তুষ্ট না হয়ে ছাত্রদলের নেতাকর্মীরা বিষয়টিকে জুলাই আন্দোলনের একজন শহীদের প্রতি অবহেলা হিসেবে উল্লেখ করেন।
প্রতিবাদের মুখে কলেজ কর্তৃপক্ষ পূর্বের ব্যানার অপসারণ করে নতুন ব্যানারে ওয়াসিম আকরামের ছবি সংযুক্ত করে পুনরায় স্থাপন করে।
এদিকে, ব্যানার সংশোধনের সিদ্ধান্তের পর আরেকটি ঘটনাকে কেন্দ্র করে নতুন করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। অভিযোগ অনুযায়ী, ব্যানার সংশোধনের সিদ্ধান্তের পর ফেনী সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি ও তার অনুসারীরা কলেজ অডিটোরিয়াম ত্যাগ করেন।
ছাত্রদল নেতাকর্মীদের দাবি, ব্যানার সংশোধনের পর অডিটোরিয়াম ত্যাগ করা জুলাইয়ের একজন শহীদ এবং জুলাই আন্দোলনের চেতনার প্রতি অসম্মান প্রদর্শনের শামিল। তাদের মতে, যারা জুলাই আন্দোলনের আত্মত্যাগ ও আদর্শের কথা বলেন, তাদের আচরণেও সেই চেতনার প্রতিফলন থাকা উচিত।
স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এনামুল হক খন্দকার। বিশেষ অতিথি ছিলেন মো. ফরিদ আলম ভূঁঞা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী মোহাম্মদ রেজাউল হক। অনুষ্ঠানের আয়োজন করে ফেনী সরকারি কলেজ কর্তৃপক্ষ।
এ ঘটনায় সচেতন মহলে প্রশ্ন উঠেছে—জুলাইয়ের শহীদদের স্মরণে আয়োজিত একটি অনুষ্ঠানে কেন একজন শহীদের ছবি শুরুতে বাদ পড়ল এবং ব্যানার সংশোধনের সিদ্ধান্তের পর কেন একটি পক্ষ অডিটোরিয়াম ত্যাগ করল। তাদের মতে, জুলাইয়ের চেতনা শুধু বক্তব্যে নয়, বাস্তব আচরণেও প্রতিফলিত হওয়া প্রয়োজন।