ফেনীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ একটি মিনি পিকআপ ভ্যান জব্দ করেছে ফেনী মডেল থানা পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই ২০২৬ ভোর ৫টা ৫০ মিনিটে ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের মধ্যম কাজিরবাগ এলাকার সবুজপাড়া রাজনের বাড়ি সংলগ্ন কাঁচা রাস্তায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ শাড়ি একটি মিনি পিকআপযোগে ফেনী শহরের দিকে নেওয়া হচ্ছে।
সংবাদ পেয়ে ফেনী মডেল থানার একাধিক টিম অভিযান চালিয়ে মো. শামীম (২১) ও মো. ইকবাল হোসেন (২০)-কে গ্রেপ্তার করে। তারা উভয়েই ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের বাসিন্দা। এ সময় তাদের কাছ থেকে একটি মিনি পিকআপ ভ্যান এবং ১ হাজার ২৫০ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়।
এ ঘটনায় Special Powers Act-এর আওতায় ফেনী মডেল থানায় এফআইআর নং-৪২/৪৪০ (তারিখ: ১৯ জুলাই ২০২৬) দায়ের করা হয়েছে।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী ফৌজুল আজিম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ পণ্য পাচার ও চোরাচালান প্রতিরোধে ফেনী মডেল থানার অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং চোরাচালানের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলমান রয়েছে।