চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে উত্তর ফাজিলপুর লস্কর তালুক ইসলামী সমাজ কল্যাণ পরিষদ। সোমবার (২৭ জুলাই ২০২৬) সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নে বন্যাদুর্গত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে সংগঠনটি।
সংগঠনের উদ্যোগে ব্যক্তি, প্রবাসী, ব্যবসায়ী, বিকাশের মাধ্যমে প্রাপ্ত অনুদান এবং বাড়ি বাড়ি ক্যাম্পেইনের মাধ্যমে সংগ্রহ করা ২ লাখ ১ হাজার ৫৭০ টাকা থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে নগদ সহায়তা তুলে দেওয়া হয়।
সংগঠনের নেতৃবৃন্দ জানান,মানবিক দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের প্রধান লক্ষ্য। তারা বলেন, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতায় এই তহবিল গড়ে উঠেছে এবং ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় তারা সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষকে অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তাদের মতে, অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই এ উদ্যোগের সবচেয়ে বড় সার্থকতা।