ফেনী-১ (ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম) আসনের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংকট ও ঘন ঘন লোডশেডিংয়ের অভিযোগের পর সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে বিদ্যুতের ঘাটতি ও দীর্ঘ সময় লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়ে যায়। অভিযোগ পাওয়ার পর এমপি মজনু সংশ্লিষ্ট এলাকাগুলো পরিদর্শন করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।
পরবর্তীতে তিনি বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী আনিন্দ্য ইসলাম অমিতের সঙ্গে যোগাযোগ করে ফেনী-১ আসনের বিদ্যুৎ সংকটের বিষয়টি তুলে ধরেন। সংশ্লিষ্ট সূত্রের দাবি, তাঁর উদ্যোগের পর এলাকায় বিদ্যুতের বরাদ্দ বৃদ্ধি করা হলে লোডশেডিংয়ের মাত্রা কমতে শুরু করে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক সময়ে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি হওয়ায় স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মধ্যে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত থাকবে।
তবে বিদ্যুতের বরাদ্দ বৃদ্ধি এবং লোডশেডিং কমে আসার বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে যুক্ত করা হবে।