ফেনীর পরশুরাম পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সিরাজ মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), ফেনী।
ডিএনসি সূত্রে জানা যায়, ২৫ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি ফেনীর একটি রেডিং টিম পরশুরাম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের অনন্তপুর এলাকায় জামাল মিয়ার বাড়িতে অবস্থিত সিরাজ মিয়ার নিজ দখলীয় বসতঘরে অভিযান পরিচালনা করে।অভিযানে তার কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. সিরাজ মিয়া (৫৫) মৃত জামাল মিয়ার ছেলে। তিনি পরশুরাম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের অনন্তপুর (জামাল মিয়ার বাড়ি) এলাকার বাসিন্দা। এ ঘটনায় ডিএনসির উপ-পরিদর্শক ইশতিয়াক হোসেন বাদী হয়ে পরশুরাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
ফেনী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে ডিএনসির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।